গলায় ফাঁস লাগা অবস্থায় বাবুল হোসেন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গলায় ফাঁস লাগা অবস্থায় বাবুল হোসেন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মে) সকালে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর ডাঙাপাড়া এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর সুরতহাল শেষে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মৃত বাবুল হোসেন ওই এলাকার মৃত আরফান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে একটি গাছে ঝুলন্ত অবস্থায় বাবুলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ গাছ থেকে উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে সময় সংবাদকে বলেন, এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এটি আত্মহত্যা না পরিকল্পিত কোনো হত্যা।
এ জন্য ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। এ জন্য ময়নাতদন্তের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেয়া হয়েছে।

0 Comments