বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘৭৫-এর পর বহু সরকার এসেছে কিন্তু কোনো সরকারই দেশের উন্নয়ন করেনি, গত ১৫ বছরে বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে তা ১০০ বছরেও হয়নি। সর্বক্ষেত্রে দেশের অগ্রগতির কারণে বিশ্ব আজ বাংলাদেশকে সমীহর চোখে দেখে।
শনিবার (২ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শুধু যোগাযোগের ক্ষেত্রে নয়, সাধারণ শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে ধর্মীয় শিক্ষায় সবচেয়ে বেশি অবদান রেখেছে শেখ হাসিনা সরকার।
কামরুল ইসলাম আরো বলেন, আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই, কিন্তু বিএনপি নির্বাচনে না গিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করছে। যারা ৭১,৭৫-এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারাই আজ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।
শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরজু মিয়া বেনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাবুদ্দিন সাহা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, ঢাকা জেলা পরিষদ সদস্য শিলারা ইসলাম, মো. মনির হোসেন প্রমুখ ।


0 Comments