গায়েবি মামলায় কারাবন্দী বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রাজবন্দীদের স্বজন’ ব্যানারে মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৮ নভেম্বরছবি: সাজিদ হোসেন
‘গায়েবি মামলায়’ সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীদের মুক্তির দাবিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁদের স্বজনেরা। মঙ্গলবার দুপুরে বিচারপতির কাছে সরাসরি এই স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশি বাধায় তাঁরা তা দিতে পারেননি। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই স্মারকলিপি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে বলে বিএনপির সূত্রে জানা গেছে।
কারাবন্দী নেতা-কর্মীদের স্বজনদের পক্ষে ওই স্মারকলিপিতে সই করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কারাবন্দী বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের পরিবারের সদস্যরা প্রধান বিচারপতির দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। তাঁরা এসব নেতা-কর্মীর মুক্তির দাবিতে প্রধান বিচারপতির অগ্রণী ভূমিকা কামনা করেন।
স্মারকলিপিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে সাতটি বিষয় উল্লেখ করা হয়। এর মধ্যে প্রথমে রয়েছে সংবিধানে সব নাগরিক সমান হলেও বিএনপির নেতা-কর্মীদের বিষয়ে তা দেখা যাচ্ছে না। সরকার ষড়যন্ত্রমূলক গায়েবি মামলাকে বিরোধী দল দমনের অবলম্বনে পরিণত করেছে। এই কাজে তারা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে যথেচ্ছ ব্যবহার করছে। সরকার ও সরকারি দল বিচার বিভাগকে তাদের অপতৎপরতার বাহনে পরিণত করেছে।
প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপিতে দ্বিতীয় বিষয় হিসেবে বলা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ হাজার হাজার নেতা-কর্মী মিথ্যা মামলায় কারাগারে আছেন। গ্রেপ্তারের পর অনেকের ওপর নির্যাতন চালানো হয়েছে।
অনেককে অজ্ঞাত স্থানে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে। রিমান্ডে নির্যাতন থেকে বাঁচাতে গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের কাছ থেকে অবৈধ আর্থিক সুবিধা দাবি করা হচ্ছে। গ্রেপ্তার অনেককে নির্যাতন করে গণমাধ্যমের সামনে তথাকথিত স্বীকারোক্তি নেওয়া হচ্ছে।

0 Comments